সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে অস্ত্র উদ্ধারসহ একজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। কালিগঞ্জ সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, ২৭ শে জানুয়ারী রাতে গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর উপজেলার নিদয়া গ্রামের লিয়াকত হোসেনের পুত্র মো: হাবিবুর রহমান আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্রসহ নিজ বাসায় অবস্থান করছে বলে জানতে পারে সেনাবাহিনী। উক্ত তথ্যের ভিত্তিতে কালিগঞ্জ সেনা ক্যাম্প এবং ১৭ বিজিবির সম্মিলিত প্রচেষ্টায় রাত ২.৩০ মিনিটে সন্ত্রাসী হাবিবুরের বাড়ীতে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে মো: হাবিবুর রহমানকে যৌথবাহিনী হাতেনাতে আটক করতে সক্ষম হয়। অভিযানে উক্ত সন্ত্রাসীর নিজ বাসস্থানের সামনে রাখা ধানের গোলার ভিতর থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং বাসস্থানের ভেতর থেকে বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পরবর্তীতে সকাল ৮.৩০ মিনিটে উক্ত আসামীকে জব্দকৃত মালামালসহ শ্যামনগর থানায় ১৭ বিজিবির মাধ্যমে হস্তান্তর করা হয়। আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষার্থে সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান চলমান থাকবে থাকবে বলে সেনাবাহিনী জানান।