দায়িত্বশীলদের নৈতিকভাবে উন্নতি, সামাজিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এবং গণসংযোগসহ সাংগঠনিক কার্যক্রম আরও গুরুত্বের সঙ্গে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
সোমবার (৩১ আগস্ট) সাতক্ষীরার শ্যামনগর সুন্দরবন পিকনিক কর্নারে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে ওয়ার্ড ও ইউনিট সভাপতি-সেক্রেটারিদের নিয়ে আয়োজিত শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকাল ১০টায় নারী ও বিকাল সাড়ে তিনটায় পুরুষ শিক্ষা শিবিরে দারসুল কুরআন, আনুগত্য, পরামর্শ ও মুহাসাবা, ওয়ার্ড ও ইউনিট পরিচালনায় দায়িত্বশীলদের ভূমিকা এবং স্থানীয় নির্বাচন প্রেক্ষিতে ইনফাক ফি সাবিলিল্লাহসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, দায়িত্বশীলদের নৈতিকভাবে উন্নতি করতে হবে। পদস্খলন হলে সাংগঠনিক কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে। সামাজিক অঙ্গনেও দায়িত্বশীলদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তিনি গণসংযোগসহ সব সাংগঠনিক কার্যক্রম আরও গুরুত্ব দিয়ে বাস্তবায়নের আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান বিরোধীদলীয় নেতা হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করে চলছেন উল্লেখ করে তিনি বলেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতের সরকারের বিকল্প নেই।
বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের উল্লেখযোগ্য ভূমিকার কথা উল্লেখ করে শহিদুল ইসলাম বলেন, জুলাইয়ের চেতনা বাস্তবায়নে ‘হ্যাঁ’ ভোটের রায় বাস্তবায়ন করতে হবে। তবে সরকার এ রায় বাস্তবায়নে গড়িমসি করছে বলে তিনি অভিযোগ করেন।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ করে তিনি বলেন, অন্যায়-জুলুমের লাগাম না টানলে সরকারের পরিণতি ভালো হবে না।
ওয়ার্ড ও ইউনিট পরিচালনায় দায়িত্বশীলদের ভূমিকা বিষয়ে বিশেষ অতিথির আলোচনা করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, শিক্ষা শিবিরে দারসুল কুরআন পেশ করেন জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মুজাম্মিল হক। আনুগত্য, পরামর্শ ও মুহাসাবা বিষয়ে আলোচনা করেন জেলা মজলিসে শূরা সদস্য ও উপজেলা আমির মু. আবদুর রহমান। ।
নারী শিক্ষা শিবিরের উদ্বোধনী বক্তব্য দেন উপজেলা মহিলা বিভাগীয় সেক্রেটারি ফাতিমা আজম। পুরুষ শিক্ষা শিবিরের উদ্বোধনী বক্তব্য দেন জেলা মজলিসে শূরা সদস্য ও উপজেলা নায়েবে আমির মাওলানা মইনুদ্দিন মাহমুদ।
শিক্ষা শিবিরে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াত নেতা অধ্যাপক আব্দুল জলিল, মাওলানা আব্দুল মজিদ, উপজেলা নায়েবে আমির সাবেক অধ্যক্ষ মাওলানা এইউএম গোলাম বারী, সাবেক অধ্যাপক ফজলুল হক, উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুল হামিদ, মাওলানা আমিনুর রহমান, মাস্টার রেজাউল ইসলাম, অধ্যক্ষ সাইদি হাসান, অধ্যাপক মহসিন আলম, ডা. ইমাম হাসান, অধ্যক্ষ মাওলানা অহেদুজ্জামান প্রমুখ।